প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৯:৫৮ পিএম
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামী দিনের রাজনীতি কেবল দলভিত্তিক প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং এটি হবে ন্যায় ও অন্যায়, সততা ও দুর্নীতি এবং ন্যায়বিচার ও জুলুমের মধ্যে একটি স্পষ্ট লড়াই। তিনি বলেন, জনগণকে দলীয় পরিচয়ের বাইরে গিয়ে বিবেকের আলোকে সিদ্ধান্ত নিতে হবে এবং যে শক্তি ন্যায়ের পক্ষে থাকবে, তার প্রতিই সমর্থন জানাতে হবে।
শনিবার বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শুধু সরকার বা প্রশাসনের পরিবর্তন করলেই দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। প্রকৃত পরিবর্তনের জন্য মানুষের চিন্তাধারা, মূল্যবোধ এবং সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতির পরিবর্তন জরুরি। তিনি রাজনৈতিক প্রতীক বা ব্যক্তিকেন্দ্রিক সমর্থনের পরিবর্তে ন্যায়, সততা এবং জবাবদিহিতার ভিত্তিতে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন, অতীতের মতো এখনো বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছে। ক্ষমতায় যে-ই থাকুক না কেন, জনগণের সম্পদের অপব্যবহার করলে তার জবাবদিহি নিশ্চিত করতে হবে। দুর্নীতির সংস্কৃতি অব্যাহত থাকলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলেও তিনি মন্তব্য করেন।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রের কর্মচারীদের কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করা উচিত। প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, কোনো তথ্য যাচাই না করে প্রচার বা বিশ্বাস করা উচিত নয়। সত্যতা নিশ্চিত করে তথ্য গ্রহণ এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে হবে। সীমান্তে সহিংসতা ও প্রাণহানির ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সৎ, দক্ষ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি ঐক্যবদ্ধভাবে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করারও আহ্বান জানান।



