রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৬, ০৯:০০ পিএম

জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার

সংগৃহীত

রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামী কখনোই গোপনে রাজনীতি করেনি। বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের সম্পৃক্ততা নিয়ে যে ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, সে বিষয়ে চূড়ান্ত মূল্যায়ন জনগণই করবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার বিকেলে রাজধানীর মহাখালীর কলেরা হাসপাতালসংলগ্ন এলাকায় ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভ্রান্তিকর পরামর্শের কারণে সরকার পরিচালনায় নেতিবাচক প্রভাব পড়ছে। তাঁর দাবি, কিছু ব্যক্তি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে ভুল বার্তা পৌঁছে দিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে। এর ফলে বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে দূরত্ব বাড়ছে এবং গণতান্ত্রিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যেসব রাজনৈতিক দল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের কেউ কেউ এখন সেই অবস্থান থেকে সরে এসেছে। বিশেষ করে নির্বাচনের আগে ঘোষিত সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার বাস্তবে আর দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, গণভোটে জনগণ যে মতামত দিয়েছে, তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তাঁর ভাষ্য, সংবিধানের মৌলিক কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা সম্ভব নয়। কেবল কিছু আইন সংশোধন করে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা যাবে না বলেও তিনি মত দেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থায় এমন সংস্কার প্রয়োজন, যাতে কোনো সরকার এককভাবে সব ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে না পারে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিক্ষোভ সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করা এবং গণভোটে প্রকাশিত জনমত বাস্তবায়নের দাবিও জানানো হয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!