প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৮:৫০ এএম
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করা এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্ধারণের দায়িত্ব চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করা হয়েছিল। ফলে আজকের বৈঠকে তিনি প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন। একই সঙ্গে বৈঠক শেষে দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা এবং পরে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ সদস্যদের ভোটেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ইতোমধ্যে প্রার্থী হওয়ার বিষয়ে সম্মতি জানিয়ে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেছেন বলেও জানা গেছে। তবে স্থায়ী কমিটির বৈঠকের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে সংসদ সদস্যের প্রস্তাব ও সমর্থনের পাশাপাশি প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষরিত ঘোষণাও প্রয়োজন।
এদিকে রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।



