রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রিজভী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬, ০৮:৩৪ এএম

রিজভী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

ফাইল ছবি

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পর দল ও সরকারে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় সরকারমন্ত্রী ও সংসদ সদস্য—এই চারটি দায়িত্বে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন শেষে এসব পদে দায়িত্ব বণ্টন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে পরিস্থিতি অনুযায়ী এর আগেও নতুন দায়িত্ব নির্ধারণের সিদ্ধান্ত হতে পারে।

বিএনপির পরবর্তী মহাসচিব বা ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তাঁকে পূর্ণাঙ্গ মহাসচিব করা হবে, নাকি আপাতত ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হবে—এ নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নামও মহাসচিব পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

রিজভী মহাসচিবের দায়িত্ব পেলে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে পরিবর্তন আসতে পারে। এ ক্ষেত্রে হাবিব-উন-নবী খান সোহেল এবং শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নাম আলোচনায় রয়েছে।

সংসদ উপনেতার পদেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এ দায়িত্বের জন্য সালাহউদ্দিন আহমদের নাম আলোচনায় থাকলেও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আব্দুল মঈন খানের নামও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপাতত নতুন করে মন্ত্রী নিয়োগ না দিয়ে সংশ্লিষ্ট দায়িত্ব কোনো উপদেষ্টার হাতে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। রুহুল কবীর রিজভী মহাসচিব হলে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

এরই মধ্যে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। ফলে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক দায়িত্বগুলোতে কারা আসছেন, তা নিয়ে দলের ভেতরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন শেষে বিএনপির সাংগঠনিক কাঠামো ও সরকারের দায়িত্ব বণ্টনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!