প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬, ০১:৪০ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাছির উদ্দিন নাছির। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত পাতায় দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি এ ঘোষণা দেন। এর আগে বৃহস্পতিবার রাতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলামও দায়িত্ব থেকে বিদায়ের ইঙ্গিত দিয়ে আবেগঘন বার্তা দেন।
নাছির উদ্দিন জানান, ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের এটিই তাঁর শেষ দিন। তবে পদ ছাড়লেও সংগঠন, সহযোদ্ধা ও রাজনৈতিক আদর্শ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন না বলে স্পষ্ট করেন তিনি। আগামী দিনে ছাত্রদলের নতুন নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নতুন নেতৃত্বের প্রয়োজনে যেকোনো সময় পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।
দীর্ঘ বার্তায় নিজের রাজনৈতিক পথচলা ও দায়িত্ব পালনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন নাছির। ২০২৪ সালের ১ মার্চ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর জুলাই-আগস্টের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিকে সবচেয়ে কঠিন সময় হিসেবে উল্লেখ করেন তিনি। ওই সময়ে ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় রাখা এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বকে ঐক্যবদ্ধ রাখাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন তিনি।
দায়িত্ব পালনকালে কয়েকটি কমিটি সম্পন্ন করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন নাছির। বিশেষ করে কেন্দ্রীয় কমিটির বর্ধিত অংশ গঠন করতে না পারার বিষয়টি তাঁকে কষ্ট দিয়েছে বলে জানান। পাশাপাশি ছাত্রসংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়াকেও নিজের দায়িত্বকালের একটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি।
দায়িত্ব পালনের সময়ে কোনো সহযোদ্ধা তাঁর আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমাও চেয়েছেন নাছির। তিনি বলেন, দায়িত্বের অবসান হলেও সম্পর্ক, সংগ্রাম ও আদর্শের অবসান হচ্ছে না।



