প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৮:৩৮ পিএম
বিএনপি সরকারের প্রথম ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেছে আমার বাংলাদেশ পার্টি। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেছেন, রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসার পর বিএনপি তাদের ঘোষিত ৩১ দফার গুরুত্বপূর্ণ অনেক বিষয় থেকে সরে গেছে।
সোমবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা করে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বক্তব্য দেন।
ফুয়াদ বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফায় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা ও দলীয়করণ বন্ধের প্রতিশ্রুতি ছিল। কিন্তু সরকারের ছয় মাসের কার্যক্রমে সেই প্রতিশ্রুতির প্রতিফলন যথেষ্ট দেখা যাচ্ছে না। তাঁর দাবি, ৩১ দফার অন্তত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে।
তিনি অভিযোগ করেন, ক্রীড়াঙ্গনকে দলীয় প্রভাবমুক্ত রাখার প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি। একইভাবে বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়েও সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে জ্বালানি পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। মজিবুর রহমান মঞ্জু বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে কর্মসংস্থান ও বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে বলে দাবি করেন তিনি।
মঞ্জুর মতে, সরকারের ছয় মাসের কার্যক্রম মূল্যায়নে অর্থনীতি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, প্রশাসন, উৎপাদন ও গণতান্ত্রিক চর্চার মতো গুরুত্বপূর্ণ সূচকে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। বরং কিছু ক্ষেত্রে পরিস্থিতির অবনতি হয়েছে বলে তিনি দাবি করেন।
রাজনৈতিক সহিংসতার প্রবণতা ফিরে আসায় উদ্বেগ প্রকাশ করে ফুয়াদ বলেন, রাজনৈতিক সহনশীলতা এখনো কিছুটা বজায় আছে, যা ইতিবাচক। তবে ভবিষ্যতেও এই সহনশীলতা অব্যাহত রাখা প্রয়োজন।
জ্বালানি খাতের সংস্কার, মানবাধিকার, গুমের ঘটনা, জঙ্গিবাদ এবং সরকারি নিয়োগের মতো বিষয়েও সরকারকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নীতি গ্রহণের আহ্বান জানান তিনি। জঙ্গিবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শও দেন ফুয়াদ।



