প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬, ০৯:৪৮ পিএম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে বন্ধুত্বপূর্ণ, পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। কোনো ধরনের আধিপত্যবাদী সম্পর্ক বাংলাদেশের মানুষ মেনে নেবে না।
শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী বিশ্বের যেকোনো দেশে সফর করতে পারেন। প্রতিবেশী দেশ ভারত সফরেও আপত্তি থাকার কথা নয়। তবে এমন সফরে বাংলাদেশের মর্যাদা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দুই দেশের সম্পর্ক হতে হবে সমান মর্যাদা ও পারস্পরিক বন্ধুত্বের ভিত্তিতে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এখন নিজেদের জাতীয় স্বার্থ ও অধিকার সম্পর্কে আগের চেয়ে বেশি সচেতন। তাই কোনো দেশের প্রভাব বা আধিপত্য মেনে নেওয়ার মানসিকতা তাদের নেই। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও জনগণের প্রত্যাশা প্রতিফলিত হওয়া প্রয়োজন।
দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, প্রধানমন্ত্রী একই সঙ্গে সরকারপ্রধান ও দলের প্রধান হিসেবে চাইলে দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। এসব অনিয়ম বন্ধে সরকারের রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। ভোটাধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সতর্ক ও সক্রিয় ভূমিকা পালনের জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন।
সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা বক্তব্য দেন। রাজশাহী মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সদস্য এতে অংশ নেন।



