প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ১১:০৫ এএম
দীর্ঘ প্রায় পাঁচ মাস বিদেশে চিকিৎসা নেওয়ার পর আজ বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। দেশে ফেরার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। চিকিৎসকদের একটি বোর্ড তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে দেশে ফেরার অনুমতি দিয়েছে। তবে দেশে ফেরার পরও তাকে নিয়মিত চিকিৎসা ও পুনর্বাসনমূলক থেরাপির মধ্যে থাকতে হবে।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জানিয়েছেন, দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে চিকিৎসা পুরোপুরি শেষ হয়নি। দেশে ফেরার পরও নিয়মিত থেরাপি চালিয়ে যেতে হবে এবং এর প্রয়োজনীয় ব্যবস্থাও করা হয়েছে।
তিনি আরও জানান, মির্জা আব্বাস বেশ কিছুদিন ধরে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করে আসছিলেন। চিকিৎসকদের কাছে দেশে ফেরার বিষয়ে তিনি বারবার আগ্রহের কথা জানিয়েছেন। পরবর্তী চিকিৎসা ও শারীরিক পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় রেখে চিকিৎসকেরা তার দেশে ফেরার অনুমতি দেন।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পরও শারীরিক জটিলতা থাকায় উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাকে বিমানযোগে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফিরেও নিয়মিত থেরাপি ও প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে হবে।
রাজনীতির পাশাপাশি মির্জা আব্বাস সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থতার কারণে দলীয় বিভিন্ন কার্যক্রম থেকে দূরে ছিলেন। তার দেশে ফেরার খবরে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা তার দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।



