প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৫:০১ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় দেশের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে। এই রায় পরিবর্তনের কোনও সুযোগ নেই এবং রায় অবশ্যই কার্যকর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন। তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে এই রায় কার্যকর করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলার স্টেশন এলাকা থেকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনার সময় তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ঐতিহাসিক রায় দিয়েছে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের সর্বোচ্চ সাজা এতে দেশের মানুষ স্বস্তি পেয়েছে, শহিদ পরিবারের সদস্যরাও সন্তুষ্ট হয়েছেন। শুধু শেখ হাসিনার বিচার করলেই হবে না; তার সহযোগীদেরও আইনের আওতায় এনে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কেউ মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মতো ঘটনা ঘটানোর সাহস না পায়।



