প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৪:৫৮ পিএম
সৌদি আরবের নাগরিক, দেশটিতে বসবাসরত প্রবাসী এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশগুলোর নাগরিকরা আগামী ১৫ জিলকদ, অর্থাৎ ৩ মে পর্যন্ত পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। এই সময়ের মধ্যে ওমরাহ পালনের জন্য তাদের আলাদা কোনো হজ পারমিট বা অনুমতির প্রয়োজন হবে না।
গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত এই সময় পর্যন্ত মক্কায় প্রবেশের ক্ষেত্রে বিশেষ শিথিলতা বহাল থাকবে। এর আগে হজ ও ওমরাহ মন্ত্রণালয় ১ জিলকদ (১৯ এপ্রিল) পর্যন্ত সব বিদেশি ওমরাহ যাত্রীকে দেশ ছাড়ার সময়সীমা নির্ধারণ করেছিল। মূলত হজযাত্রীদের ভিড় সামাল দেওয়া এবং প্রস্তুতি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
হজ মৌসুম শুরুর আগে অভ্যন্তরীণ ওমরাহ যাত্রীদের জন্য এটিই শেষ সুযোগ। ফলে মক্কার মসজিদুল হারামে এখন ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ মক্কায় আসছেন, যার কারণে কাবা শরীফ সংলগ্ন হোটেলগুলোতে আবাসন সংকট দেখা দিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩ মে’র পর হজের মূল কার্যক্রম শুরু হবে। তখন নির্দিষ্ট পারমিট ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থান করা আইনত দণ্ডনীয় হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই ওমরাহ শেষ করে মক্কা ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।



