প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৩:৪৩ পিএম
তুরস্কের এদিরনে শহরে অবস্থিত ঐতিহাসিক সেলিমিয়ে মসজিদ দীর্ঘ চার বছর সংস্কার কাজের পর আবারও দর্শনার্থী ও মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অটোমান সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত এই মসজিদ এখন আবারও তার পুরোনো গৌরব ফিরে পেয়েছে।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই মসজিদটি ১৫৬৮ থেকে ১৫৭৫ সালের মধ্যে নির্মাণ করেছিলেন অটোমান সাম্রাজ্যের কিংবদন্তি স্থপতি মিমার সিনান। ঐতিহাসিক স্থাপনাটির মূল বৈশিষ্ট্য ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে ২০২১ সালের শেষ দিকে ব্যাপক সংস্কার প্রকল্প শুরু হয়।
শুক্রবার জুমার নামাজের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন। গত চার বছরে মসজিদের গম্বুজ, মিনার, পাথরের কারুকাজ, ক্যালিগ্রাফি এবং অভ্যন্তরীণ সৌন্দর্য পুনরুদ্ধারের কাজ সম্পন্ন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এরদোয়ান বলেন, অত্যন্ত সতর্কতা ও নিখুঁতভাবে সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। তবে বলকান যুদ্ধের সময় বুলগেরীয় বাহিনীর কামানের গোলার যে দাগ মসজিদে লেগেছিল, ইতিহাসের স্মারক হিসেবে সেটি অপরিবর্তিত রাখা হয়েছে।
প্রায় ৪৫০ মিলিয়ন তুর্কি লিরা ব্যয়ে সম্পন্ন হওয়া এই প্রকল্পের মাধ্যমে মসজিদটি আগামী বহু শতাব্দী টিকে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
একই অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোয়ান জানান, রুশ-তুর্কি যুদ্ধে ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক এদিরনে প্রাসাদের পুনর্নির্মাণ কাজও শুরু হয়েছে। ইউরোপের অন্যতম বৃহৎ পুনরুদ্ধার প্রকল্প হিসেবে বিবেচিত এ কাজ ২০২৭ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, মিমার সিনান নিজেই সেলিমিয়ে মসজিদকে তার জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে উল্লেখ করেছিলেন। অটোমান স্থাপত্য ও প্রকৌশলের অনন্য নিদর্শন এই মসজিদ চার বছর পর আবারও মুসল্লি ও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।



