প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:৩৭ পিএম
সৌদি আরবের ক্লাব আল নাসর–এর তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো সাম্প্রতিক ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পর তার অবস্থা নিয়ে নতুন তথ্য জানিয়েছেন দলের কোচ জর্জে জেসুস। তিনি জানান, প্রথমে ধারণা করা হলেও পরে পরীক্ষায় দেখা গেছে রোনালদোর চোটটি তুলনামূলকভাবে গুরুতর।
গত সপ্তাহে আল ফায়হা–এর বিপক্ষে ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে আঘাত পান রোনালদো। ম্যাচ চলাকালেই তাকে মাঠ ছেড়ে যেতে হয়।
সংবাদ সম্মেলনে জর্জে জেসুস বলেন, পরীক্ষার ফলাফল অনুযায়ী রোনালদোর মাংসপেশির চোট প্রত্যাশার চেয়ে বেশি গুরুতর। তাই তাকে কিছুদিন বিশ্রাম ও পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে। চিকিৎসার জন্য তিনি স্পেনের মাদ্রিদে যাবেন।
কোচ আরও জানান, সেখানে রোনালদো তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন। দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফরোয়ার্ড দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিশ্বকাপের আর বেশি দিন বাকি না থাকায় এই চোট কিছুটা উদ্বেগ তৈরি করেছে। তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা আশাবাদী, চলতি মাসের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগেই তিনি মাঠে ফিরতে পারবেন।
৪১ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে থাকা রোনালদো চলতি মৌসুমে সৌদি প্রো লিগে নিয়মিত গোল করে যাচ্ছেন। এখন পর্যন্ত তিনি লিগে ২১টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তালিকার শীর্ষে আছেন ইভান টনি, যিনি আল আহলি–এর হয়ে ২৩টি গোল করেছেন।
এদিকে আন্তর্জাতিক সূচি অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্তুগাল জাতীয় ফুটবল দল মেক্সিকোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ৩১ মার্চ তাদের প্রতিপক্ষ থাকবে যুক্তরাষ্ট্র। তার আগেই রোনালদো পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন কি না সেটাই এখন দেখার বিষয়।



