প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৫:৪৭ পিএম
দীর্ঘদিন চোটে মাঠের বাইরে থাকার পর আবারও দাপটের সঙ্গে ফিরলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সুস্থ হয়ে দলে ফিরে নিজের স্বভাবসুলভ ছন্দে জোড়া গোল করে দলকে বড় জয় এনে দিয়েছেন তিনি।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সৌদি প্রো লিগের ম্যাচে আল নাজমার বিপক্ষে ৫–২ গোলের জয় পায় আল নাসর। এই জয়ে বড় অবদান রাখেন দলের অধিনায়ক রোনালদো।
ম্যাচে দুই গোল করে নিজের ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড় করান ৯৬৭-এ। ফলে বহুল আলোচিত এক হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছে গেলেন এই বিশ্বসেরা তারকা।
রোনালদো ম্যাচে ৮৩ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন এবং পুরো সময়জুড়ে আক্রমণভাগে দাপট দেখান। তার একটি গোল প্রথমে বাতিল ঘোষণা করা হলেও পরে সহকারী প্রযুক্তির সহায়তায় তা বৈধ হিসেবে স্বীকৃতি পায়। এরপর স্বভাবসুলভ উদযাপনে মাতেন তিনি।
আল নাসরের হয়ে অন্য গোলদাতাদের মধ্যে সেনেগালের সাদিও মানে দুটি এবং আব্দুল্লাহ আল হামদান একটি গোল করেন। অন্যদিকে, প্রতিপক্ষ আল নাজমা দুই গোল করে ব্যবধান কিছুটা কমায়।
বর্তমানে সৌদি প্রো লিগে একশ ম্যাচে ৯৭ গোল করে শীর্ষস্থান ধরে রেখেছেন রোনালদো। তার ধারাবাহিক পারফরম্যান্সে বিশ্বকাপের আগে পর্তুগাল শিবিরেও স্বস্তি ফিরেছে।



