রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বের অপেক্ষায় বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ১২:৪৩ পিএম

এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বের অপেক্ষায় বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

এশিয়ান গেমস হকি বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেলে সেমিফাইনাল নিশ্চিতের পাশাপাশি চূড়ান্ত পর্বের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি লাল-সবুজরা। উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে তাদের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

ব্যাংককের রয়েল থাই এয়ার ফোর্স হকি মাঠে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে যায় উজবেকিস্তান। মিরনশোখ ওর্তিকবোয়েভের গোলে পিছিয়ে পড়ে দলটি।

এরপর পুরো ম্যাচজুড়েই গোল শোধের চেষ্টা চালায় আশিকুজ্জামানের দল। একাধিক আক্রমণ তৈরি করলেও সহজ সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। বিশেষ করে ছয়টি পেনাল্টি কর্নার পেয়েও কোনোটি থেকে গোল করতে না পারা বড় হতাশার বিষয় হয়ে দাঁড়ায়।

ম্যাচের ৪৬তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরান আমিরুল ইসলাম। তবে এরপর আর কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি ড্রয়ে শেষ হয়।

এই ফলাফলে দুই দলেরই পয়েন্ট দাঁড়িয়েছে চার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে জায়গা করে নেয় উজবেকিস্তান। ফলে সরাসরি শেষ চার নিশ্চিত করার সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের।

তবে এখনো মূল আসরের আশা বেঁচে আছে। বাছাইপর্বে অংশ নেওয়া নয়টি দলের মধ্যে ছয়টি দল এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। সেই হিসেবে পঞ্চম বা ষষ্ঠ স্থান অর্জন করলেও মূল পর্বে জায়গা পেতে পারে বাংলাদেশ।

আগামী ১০ এপ্রিল বাছাইপর্ব শেষ হবে। এরপর সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এখন পর্যন্ত ১১ বার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ, যেখানে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ স্থানই তাদের সর্বোচ্চ সাফল্য।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!