প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৮:৫৯ এএম
ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বে জয় পেয়েও শেষ রক্ষা হয়নি বার্সেলোনার। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ।
মঙ্গলবার রাতে নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচের চতুর্থ মিনিটে লামিনে ইয়ামাল গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ২৪তম মিনিটে ফেররান তোরেস ব্যবধান দ্বিগুণ করলে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে কাতালানরা।
তবে ম্যাচের ৩১তম মিনিটে আদেমোলা লুকমান গোল করে আতলেতিকোকে আবারও এগিয়ে দেন, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
পুরো ম্যাচে বল দখলে স্পষ্ট আধিপত্য ছিল বার্সেলোনার। তারা প্রায় ৭১ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে এবং একের পর এক আক্রমণ চালায়। দুই দলই সমান সংখ্যক শট নিলেও লক্ষ্যে শটে এগিয়ে ছিল বার্সেলোনা। তবুও প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় আর গোলের দেখা পায়নি তারা।
ম্যাচের শেষভাগে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে বার্সেলোনার জন্য। ৭৭তম মিনিটে এরিক গার্সিয়া লাল কার্ড দেখলে বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় দলটিকে। প্রথম লেগেও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তারা।
শেষদিকে রবার্ট লেভানদোভস্কি ও রোনাল্ড আরাওহো গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন। ফলে ম্যাচে জয় পেলেও সামগ্রিক ফলাফলে হতাশা নিয়েই বিদায় নিতে হয় বার্সেলোনাকে।
অন্যদিকে দীর্ঘ প্রায় ৯ বছর পর প্রতিযোগিতার সেমিফাইনালে উঠে উচ্ছ্বাসে মেতে ওঠে আতলেতিকো মাদ্রিদ।



