রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

২৫ বছর পর শীর্ষ লিগে কভেন্ট্রির প্রত্যাবর্তন

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ১১:০৪ এএম

২৫ বছর পর শীর্ষ লিগে কভেন্ট্রির প্রত্যাবর্তন

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ইংল্যান্ডের শীর্ষ ফুটবল আসরে ফিরেছে কভেন্ট্রি সিটি। কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের নেতৃত্বে নির্ধারিত সময়ের আগেই তাদের এই সাফল্য নিশ্চিত হয়েছে।

শুক্রবার ব্ল্যাকবার্নের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে ড্র করেই শীর্ষ লিগে ওঠা নিশ্চিত করে কভেন্ট্রি। প্রমোশন নিশ্চিত করতে তাদের প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। তবে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তের নাটকীয়তায় সমতায় ফেরে দলটি।

যোগ করা সময়ে ববি থমাসের হেড থেকে আসে সমতাসূচক গোল, যা নিশ্চিত করে বহু প্রতীক্ষিত এই সাফল্য। বর্তমানে ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কভেন্ট্রি তৃতীয় স্থানের দলের নাগালের বাইরে চলে গেছে।

ম্যাচ শেষে আবেগাপ্লুত প্রতিক্রিয়ায় কোচ ল্যাম্পার্ড বলেন, এই গোলটি ছিল অবিশ্বাস্য এক মুহূর্ত এবং ২৫ বছর পর এমন সাফল্য অর্জন করা সত্যিই বিশেষ অনুভূতি। তিনি আরও বলেন, তার কোচিং জীবনের অন্যতম বড় অর্জন এটি এবং খেলোয়াড়রা ইতিহাস গড়েছে।

এই প্রমোশনের ফলে আর্থিকভাবেও বড় সুবিধা পাবে ক্লাবটি। সম্প্রচার আয়ের কারণে আগামী কয়েক মৌসুমে বিপুল অর্থ উপার্জনের সম্ভাবনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৭ সালে প্রথমবার শীর্ষ লিগে উঠে টানা ৩৪ মৌসুম খেলেছিল কভেন্ট্রি। কিন্তু ২০০০-০১ মৌসুমে অবনমনের পর নানা সংকটে পড়ে ক্লাবটি। এমনকি এক সময় চতুর্থ স্তরেও নেমে গিয়েছিল তারা। সেই কঠিন সময় পেরিয়ে আবারও শীর্ষ আসরে ফিরে আসা কভেন্ট্রির জন্য এক অনন্য প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!