প্রকাশিত: মে ৪, ২০২৬, ১১:৩৪ এএম
হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদে সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ফুটবল অঙ্গনে। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, দায়িত্বে ফিরলে দল পুনর্গঠনের অংশ হিসেবে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছেন এই পর্তুগিজ কোচ।
খবরে বলা হয়েছে, দলে প্রতিযোগিতামূলক মানসিকতা ফেরাতে অন্তত সাতজন খেলোয়াড়কে বিদায় জানাতে চান মরিনহো। ২০১০ সালের সময়ের মতো এবারও স্কোয়াডে ব্যাপক রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তালিকার শীর্ষে রয়েছেন ডেভিড আলাবা ও দানি কারভাহাল। বয়স, উচ্চ বেতন এবং ধারাবাহিক ইনজুরির কারণে তাদের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। চুক্তির মেয়াদ শেষ হলে তাদের দলে রাখা হবে না বলেই ধারণা করা হচ্ছে।
এ ছাড়া দানি সেবাইয়োস, ফ্রান গার্সিয়া এবং এদুয়ার্দো কামাভিঙ্গার নামও সম্ভাব্য ছাড়পত্রের তালিকায় রয়েছে। নিয়মিত সুযোগ না পাওয়া ও প্রত্যাশিত উন্নতি করতে না পারায় তাদের নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ব্রাহিম দিয়াজ প্রতিভা দেখালেও ধারাবাহিকতার অভাবে সমালোচনার মুখে পড়েছেন, ফলে তাকেও বিক্রির চিন্তা করছে ক্লাব। পাশাপাশি তরুণ গঞ্জালো গার্সিয়ার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।
সব মিলিয়ে, মরিনহো ফের রিয়ালে ফিরলে দল বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যেখানে একদিকে আসবে নতুন মুখ, অন্যদিকে বিদায় নেবে একাধিক তারকা।



