প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৫:৪৭ পিএম
মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের দীর্ঘদিনের অভিযোগের মধ্যে নতুন করে যুক্ত হয়েছে টয়লেট ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের বিষয়। এবার বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ওয়াশরুমের পরিচ্ছন্নতা কার্যক্রমে দুর্নীতির অভিযোগ তুলেছেন।
সম্প্রতি বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ চলাকালে স্টেডিয়ামের গ্যালারি ও ওয়াশরুম ঘুরে দেখেন তিনি। এ সময় এক প্রবাসী নারী টয়লেটের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অভিযোগ করেন বলে জানান তামিম।
সোমবার (৪ মে) এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের জন্য জনপ্রতি ৬৫০ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে তারা পাচ্ছেন মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা। মাঝখানে মধ্যস্বত্বভোগীরা অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ উঠে এসেছে, যা তাকে ক্ষুব্ধ করেছে।
তামিম বলেন, স্বল্প আয়ের এই নারী কর্মীদের পারিশ্রমিক থেকেও অর্থ কেটে নেওয়া অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানান।
তিনি আরও বলেন, স্টেডিয়ামটি ২০০৭ সালে নির্মিত হওয়ার পর থেকে টয়লেটের কোনো সংস্কার হয়নি, যা একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভেন্যুর জন্য গ্রহণযোগ্য নয়।
পরিচ্ছন্নতাকর্মীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত না হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল এবং ভবিষ্যতে বিসিবিতে কাজের সুযোগ বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
এ বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন, কর্মীদের সামনে সরাসরি অর্থ প্রদান নিশ্চিত করতে হবে এবং প্রতিশ্রুত পারিশ্রমিক দিতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।



