প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৫:১৩ পিএম
মাত্র ৩০ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন জার্মানির অভিজ্ঞ রক্ষণভাগের খেলোয়াড় নিকলাস সুলে। চলতি মৌসুম শেষে বরুসিয়া ডর্টমুন্ড ছাড়ার পাশাপাশি বুটজোড়া তুলে রাখছেন তিনি।
দীর্ঘদিন ধরে চোটের ভোগান্তি ও ভবিষ্যতের শারীরিক ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন জার্মান জাতীয় দলের এই ফুটবলার। জাতীয় দলের জার্সিতে ৪৯টি ম্যাচ খেলেছেন তিনি।
ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল হফেনহাইমে। পরে ২০১৭ সালে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে যোগ দেন সুলে। সেখানে পাঁচটি জার্মান লিগ শিরোপা জয়ের পাশাপাশি ২০২০ সালে ইউরোপ সেরার মুকুটও জেতেন তিনি। এরপর ২০২২ সালে যোগ দেন বরুসিয়া ডর্টমুন্ডে।
সম্প্রতি এক আলোচনায় সুলে জানান, গত মাসে হফেনহাইমের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পরই তিনি অবসরের সিদ্ধান্ত নেন। সেই মুহূর্তের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই তারকা।
তিনি বলেন, চোট পাওয়ার পর তিনি ভয় পেয়েছিলেন গুরুতর লিগামেন্ট ছিঁড়ে গেছে। পরে পরীক্ষা করে বড় বিপদ না থাকলেও বারবার এমন দুঃসহ পরিস্থিতির মুখোমুখি হতে চান না তিনি।
সুলের ভাষায়, জীবনের বাকি সময় পরিবার, সন্তান ও নিজের মতো করে কাটাতে চান তিনি। আর নতুন করে বড় ধরনের চোটের ঝুঁকি নিতে আগ্রহী নন।
চলতি মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড জার্মান লিগে শীর্ষ লড়াইয়ে থাকলেও আগেই শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।



