প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৯:১০ পিএম
স্পেনের জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে উত্তেজনা চরমে পৌঁছেছে। সতীর্থ অরিলিয়েঁ চুয়ামেনির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন উরুগুয়ের মধ্যমাঠের খেলোয়াড় ভেদেরিকো ভালভের্দে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বুধবার প্রথমে দুই খেলোয়াড়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। সতীর্থরা পরিস্থিতি সামাল দিলেও পরদিন অনুশীলন মাঠে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে হাতাহাতির ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
জানা গেছে, সংঘর্ষ চলাকালে ভালভের্দের মাথা একটি টেবিলের সঙ্গে জোরে আঘাত লাগে। এতে রক্তপাত শুরু হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার মাথায় সেলাই দিয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পরপরই ক্লাব কর্তৃপক্ষ জরুরি বৈঠক ডাকে। খেলোয়াড়দের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা ও অভ্যন্তরীণ বিরোধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, শিরোপাহীন মৌসুমের হতাশা এবং দলীয় পারফরম্যান্সের অবনতির কারণেই রিয়ালের ড্রেসিংরুমে চাপ বাড়ছে। বিশেষ করে মৌসুমের শেষ পর্যায়ে এসে এমন পরিস্থিতি ক্লাবের জন্য বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে।
আগামী রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই ঘটনা রিয়াল সমর্থকদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।



