প্রকাশিত: মে ৮, ২০২৬, ১২:৪১ পিএম
রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে অবশেষে হাসপাতালে যাওয়ার ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে ড্রেসিংরুমে সহকর্মীর সঙ্গে মারামারির গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন।
নিজের বিবৃতিতে ভালভের্দে জানান, সতীর্থের সঙ্গে তর্ক চলাকালে আবেগের বশে টেবিলের সঙ্গে মাথা লেগে তার কপালে ছোট একটি কাটা লাগে। ওই দুর্ঘটনার কারণেই তাকে হাসপাতালে যেতে হয়েছিল। তার ভাষায়, সেখানে কোনো ধরনের মারধর বা সংঘর্ষ ঘটেনি।
তিনি আরও বলেন, চলতি মৌসুমে দলের ব্যর্থতা ও ট্রফিহীন অবস্থার কারণে ড্রেসিংরুমে চাপ ও হতাশা তৈরি হয়েছে, যা আবেগপ্রবণ পরিস্থিতির জন্ম দিয়েছে। বিশেষ করে বড় প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার পর মানসিকভাবে সবাই কিছুটা ভেঙে পড়েছে।
ভালভের্দে অভিযোগ করেন, ক্লাবের ভেতরের কিছু তথ্য বাইরে ফাঁস হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তার মতে, স্বাভাবিক ড্রেসিংরুমের ছোট ঘটনা অপ্রয়োজনীয়ভাবে বড় বিতর্কে রূপ নিচ্ছে।
শেষে তিনি সমর্থক ও সতীর্থদের কাছে দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি জানান, ইনজুরির কারণে আগামী ম্যাচে খেলতে না পারায় তিনি ব্যক্তিগতভাবে হতাশ।



