প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৩:২৩ পিএম
সাবেক অধিনায়ক ও বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তার সঙ্গে আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
এছাড়া ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী, সাহিত্যিক ড. মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আবদুল হক এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগমও এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি’ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই স্বর্ণপদক চালু করেছে। প্রতিবছর দেশের উন্নয়নে অবদান রাখা গুণী ব্যক্তিদের এ সম্মাননা দেওয়া হবে।



