রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সুইজারল্যান্ড আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৯:৩৭ পিএম

সুইজারল্যান্ড আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ

ফাইল ছবি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে সতর্ক অবস্থান নিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান প্রশিক্ষক লিওনেল স্কালোনি। প্রতিপক্ষকে যথেষ্ট শক্তিশালী আখ্যা দিয়ে তিনি বলেছেন, সুইজারল্যান্ড এমন একটি ল যারা বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষেও সমানতালে লড়াই করতে সক্ষম। তাই এই ম্যাচকে মোটেও সহজভাবে দেখার সুযোগ নেই।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। শেষ ম্যাচে কিছু নাটকীয় মুহূর্ত থাকলেও খেলোয়াড়দের সামগ্রিক পারফরম্যান্স আশাব্যঞ্জক ছিল। ফলে আগের ম্যাচের একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম বলেও ইঙ্গিত দেন তিনি।

দলের কৌশলগত পরিবর্তন প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ বলেন, সময়ের প্রয়োজনেই কিছু পরিবর্তন আনা হয়েছে। এতে দলের বল নিয়ন্ত্রণ, আক্রমণ গঠন এবং প্রতিপক্ষের অর্ধে খেলার সক্ষমতা বেড়েছে। প্রস্তুতির শুরুতে কিছু জটিলতা থাকলেও সেগুলো কাটিয়ে এখন দল অনেক বেশি আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে।

সুইজারল্যান্ড সম্পর্কে স্কালোনি বলেন, তাদের দলে অভিজ্ঞ ও দক্ষ ফুটবলার রয়েছে। পাশাপাশি শারীরিক সক্ষমতার দিক থেকেও তারা শক্তিশালী। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাদের ধারাবাহিক উপস্থিতি প্রমাণ করে যে তারা একটি পরিণত ও প্রতিযোগিতামূলক দল। তাই আর্জেন্টিনাকে সর্বোচ্চ মনোযোগ নিয়েই মাঠে নামতে হবে।

অধিনায়ক লিওনেল মেসির প্রশংসা করতে গিয়ে স্কালোনি বলেন, বয়স বাড়লেও মেসির কার্যকারিতা কমেনি। বরং তিনি এখন আরও পরিণত ও ভয়ংকর হয়ে উঠেছেন। তার অভিজ্ঞতা, শারীরিক প্রস্তুতি এবং খেলার প্রতি নিবেদন আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। সুযোগ পেলেই তিনি ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন।

স্কালোনি আরও বলেন, বর্তমান আর্জেন্টিনা দলকে তিনি এমন একটি দল হিসেবে দেখতে চান, যারা কখনো আত্মতুষ্টিতে ভোগে না। তার মতে, দলের সবচেয়ে বড় পরিচয় হলো সংগ্রামী মানসিকতা, আবেগ এবং জয়ের জন্য শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ক্ষমতা।

কোয়ার্টার ফাইনাল সামনে রেখে আর্জেন্টিনা শিবিরে আত্মবিশ্বাস থাকলেও প্রতিপক্ষকে যথাযথ সম্মান দেখানোর বার্তা দিয়েছেন স্কালোনি। তার বিশ্বাস, কঠিন পরীক্ষার মুখোমুখি হলেও সঠিক পরিকল্পনা ও দলীয় ঐক্যের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!