রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সুইসদের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:৩৮ পিএম

সুইসদের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপাধারী আর্জেন্টিনার সামনে এবার কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের চ্যালেঞ্জ। তবে অতীতের পরিসংখ্যান আলবিসেলেস্তেদের পক্ষেই কথা বলছে। কারণ আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত সুইজারল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচেই পরাজয়ের স্বাদ পায়নি দক্ষিণ আমেরিকার শক্তিশালী দলটি।

রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের বহুল প্রতীক্ষিত এই লড়াই।

ইতিহাস বলছে, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড এ পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। ফলে সুইসদের বিপক্ষে এখনও অপরাজিত রয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের আসরে দুই দলের দেখা হয়েছে দুইবার। প্রথমবার ১৯৬৬ সালে, যখন গ্রুপ পর্বে সুইজারল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা। এরপর ২০১৪ সালের আসরে নকআউট পর্বে আবারও মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে পরবর্তী পর্বে তুলে দেন আক্রমণভাগের তারকা এঞ্জেল দি মারিয়া।

এবারের আসরে দি মারিয়া না থাকলেও দলের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক লিওনেল মেসি। তার নেতৃত্ব ও অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনা ইতোমধ্যে শেষ ষোলো পর্বের বাধা পেরিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে সুইজারল্যান্ডও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

আসন্ন ম্যাচে অতীতের সেই স্মৃতিও ফিরে আসছে। ২০১৪ সালের ঐ লড়াইয়ে অংশ নেওয়া তিন ফুটবলার এবারও মাঠে নামতে পারেন। তারা হলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিট জাকা এবং অভিজ্ঞ রক্ষণভাগের খেলোয়াড় রিকার্ডো রদ্রিগেজ।

সব মিলিয়ে ইতিহাস, পরিসংখ্যান এবং বর্তমান ফর্ম বিবেচনায় আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকলেও বিশ্বকাপের নকআউট পর্বে যেকোনো কিছুই ঘটতে পারে। তাই সেমিফাইনালে জায়গা করে নিতে দুই দলই নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!