রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা সরকারের

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ০৪:৫৬ পিএম

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা সরকারের

ফাইল ছবি

দেশব্যাপী ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলতে এবং তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা গড়ে তুলতে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে ফুটবল দল গঠনের আহ্বান জানানো হয়েছে।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং নতুন প্রতিভা খুঁজে বের করতে উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিযোগিতাটি আরও বিস্তৃতভাবে আয়োজন করা হবে।

তিনি জানান, এবার একটি মাঠে সীমাবদ্ধ না থেকে প্রতিটি উপজেলায় চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ পাবে এবং স্থানীয় পর্যায়ে ফুটবল উৎসবের পরিবেশ তৈরি হবে। প্রতিযোগিতার ব্যয় নির্বাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও পৌর পর্যায় থেকেও আর্থিক সহযোগিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি বিদ্যালয়, মহাবিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে ফুটবল দল গঠন করতে হবে। কোনো প্রতিষ্ঠান যদি দল গঠনে ব্যর্থ হয়, তবে তার কারণ খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুদান স্থগিত রাখার বিষয়টিও বিবেচনায় আনা হতে পারে। তার ভাষ্য, একটি শিক্ষাপ্রতিষ্ঠান যদি ন্যূনতম একটি ফুটবল দলও গঠন করতে না পারে, তাহলে সেখানে শিক্ষার্থীসংখ্যা ও কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

তিনি আরও জানান, মাঠ পর্যায়ে খেলার পরিবেশ উন্নত করতে প্রতিটি উপজেলার খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়ার কথাও সরকারের বিবেচনায় রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে।

সরকারের এই উদ্যোগের অন্যতম আকর্ষণ হিসেবে সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, সবকিছু অনুকূলে থাকলে আন্তর্জাতিক এই তারকার উপস্থিতি দেশের তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করবে এবং ফুটবল নিয়ে নতুন উদ্দীপনার সৃষ্টি হবে। সরকারের লক্ষ্য, খেলাধুলাকে শিক্ষার সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করে দেশের ক্রীড়াঙ্গনে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!