রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়াকে শুরুতেই চাপে ফেলল বাংলাদেশের বোলিং

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৯:২৬ এএম

অস্ট্রেলিয়াকে শুরুতেই চাপে ফেলল বাংলাদেশের বোলিং

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার পর অস্ট্রেলিয়ার মাটিতে আবারও টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে দীর্ঘ বিরতির অবসান হয়েছে। ২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকে মাঠে নামল বাংলাদেশ।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে ইনিংসের শুরুতেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে চাপে পড়ে তারা। বিশেষ করে পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে দ্রুত দুটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ১৪ ওভার শেষে ৫২ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়ে বসে স্বাগতিক দল। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ড—দুজনকেই সাজঘরে ফেরান হাসান মাহমুদ।

নতুন বলে তাসকিন আহমেদের সঙ্গে আক্রমণ শুরু করেন হাসান। শুরু থেকেই অফ স্টাম্পের বাইরে আঁটসাঁট লাইন ও নিয়ন্ত্রিত লেংথে বল করে অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে রাখেন তিনি। উইকেটে ঘাস থাকায় বল থেকে বাড়তি সুইং ও বাউন্সও আদায় করে নেন এই ডানহাতি পেসার।

১২তম ওভারে প্রথম সাফল্য আসে। অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে ব্যাটের কানা ছোঁয়ান জেক ওয়েদারাল্ড। বলটি সরাসরি উইকেটকিপার লিটন দাসের হাতে জমা পড়ে। ২৩ রান করে ফিরে যান অস্ট্রেলীয় ওপেনার।

এরপর ১৪তম ওভারে হাসানের দ্বিতীয় শিকার হন ট্রাভিস হেড। রাউন্ড দ্য উইকেট থেকে করা ভালো লেংথের বলটি ভেতরে ঢুকে ব্যাটে আঘাত করে সরাসরি স্টাম্পে লাগে। ২২ রান করে বিদায় নেন হেড।

হেডের বিদায়ের পর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে নামেন স্টিভেন স্মিথ। অপর প্রান্তে রয়েছেন মারনাস লাবুশেন। শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশ যে লড়াইয়ের বার্তা দিয়েছে, তাতে প্রথম টেস্টের শুরুতেই উত্তেজনা তৈরি হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!