রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হারের পর ঘুরে দাঁড়াতে অস্ট্রেলিয়ার স্কোয়াডে পরিবর্তন

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬, ০২:০৭ পিএম

হারের পর ঘুরে দাঁড়াতে অস্ট্রেলিয়ার স্কোয়াডে পরিবর্তন

সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ জেক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে তার জায়গায় অভিজ্ঞ ব্যাটার ম্যাট রেনশকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৩ সদস্যের অস্ট্রেলিয়া দলে এটিই একমাত্র পরিবর্তন।

ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বাংলাদেশ ৯ উইকেটে জয় পায়। সেই ম্যাচের দুই ইনিংসে ওয়েদারাল্ডের ব্যাট থেকে আসে মাত্র ২৩ ও শূন্য রান। দুই ইনিংসেই বাংলাদেশের পেসার হাসান মাহমুদের বলে আউট হন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ছয়টি টেস্ট খেলে ওয়েদারাল্ডের মোট সংগ্রহ ২২৪ রান, ব্যাটিং গড় ২০ দশমিক ৩৬। ফলে দ্বিতীয় ম্যাচের আগে তার জায়গায় নতুন কাউকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার টিম ব্যবস্থাপনা।

অন্যদিকে প্রায় তিন বছর পর সাদা পোশাকে অস্ট্রেলিয়ার দলে ফিরেছেন ম্যাট রেনশ। সর্বশেষ ২০২৩ সালে টেস্ট খেলেছিলেন তিনি। চলতি সিরিজের আগে ব্রিসবেনে দলের সঙ্গে অনুশীলন করার পাশাপাশি অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে ছিলেন এই ব্যাটার।

ঘরোয়া ক্রিকেটের সর্বশেষ মৌসুমেও দারুণ ছন্দে ছিলেন রেনশ। শেফিল্ড শিল্ডে প্রায় ৫০ গড়ে তিনটি শতক করেন তিনি। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১৪টি টেস্ট খেলেছেন এই ব্যাটার। তার সংগ্রহ ২৯ দশমিক ৩১ গড়ে, সর্বোচ্চ ইনিংস ১৮৪ রান। দ্বিতীয় টেস্টে মাঠে নামার সুযোগ পেলে এটি হবে তার ক্যারিয়ারের ১৫তম টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে অপ্রত্যাশিত পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াতে চাইবে অস্ট্রেলিয়া। অন্যদিকে ঐতিহাসিক প্রথম জয়ের আত্মবিশ্বাস নিয়ে সিরিজ নিজেদের করে নেওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের।

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার দল: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, জশ ইংলিস ও স্কট বোল্যান্ড।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!