প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ১০:৩০ পিএম
অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। সাব্বির রহমান রুম্মনের কার্যকর ব্যাটিংয়ে হোবার্ট হ্যারিকেন্স একাডেমিকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা।
ডারউইনে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে হোবার্ট। জবাবে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। মাত্র ৪ রানে হাবিবুর রহমান সোহান, ৯ রানে জিসান আলম এবং ৪ রানে আরিফুল হক সাজঘরে ফেরেন। দলনেতা ইরফান শুক্কুরও ৪ রানের বেশি করতে পারেননি।
দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়লেও দলের হাল ধরেন সাব্বির রহমান রুম্মন। শামীম পাটেয়ারীকে সঙ্গে নিয়ে তিনি পঞ্চম উইকেটে ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন। এই জুটিই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে।
শামীম ২৪ বলে ১৬ রান করে বিদায় নিলেও সাব্বির নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। একপ্রান্ত আগলে রেখে অর্ধশতক পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫৯ রানের কার্যকর ইনিংস খেলে বাংলাদেশের জয়ের পথ অনেকটাই সহজ করে দেন সাব্বির। তার ব্যাটিংয়ে ছিল গুরুত্বপূর্ণ কয়েকটি বাউন্ডারি।
সাব্বির ফেরার পরও জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ। এসএম মেহরব করেন ১৩ রান। শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইন ১৯ রানে এবং আবু হায়দার রনি ৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৯ দশমিক ৪ ওভারেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়।
এর আগে টস জিতে হোবার্টকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ এইচপির অধিনায়ক ইরফান শুক্কুর। শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করে বাংলাদেশের বোলাররা। জ্যাক ডোরেন ৬, রাধাকৃষ্ণা ৭ এবং ব্র্যাডলি হোপ ১৭ রান করে ফিরে যান।
তবে একপ্রান্তে দৃঢ়ভাবে ব্যাট করতে থাকেন ত্যাগ উইলি। দুর্দান্ত ব্যাটিংয়ে অর্ধশতক পূরণ করে শেষ পর্যন্ত ৭৮ রানে অপরাজিত থাকেন তিনি। তার ব্যাটেই মূলত দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় হোবার্ট। দলনেতা টিম ওয়ার্ড ১৫ এবং রাফ ম্যাকমিলান ১১ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ রুবেল সর্বোচ্চ তিনটি উইকেট নেন। রিপন মণ্ডল পান দুটি উইকেট। আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন একটি করে উইকেট শিকার করেন।
এই জয়ে টুর্নামেন্টে বাংলাদেশ এইচপির আত্মবিশ্বাস আরও বাড়ল। টানা দুই ম্যাচ জিতে এখন পরবর্তী ম্যাচগুলোতেও ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য থাকবে দলটির।



