রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পরিচালক হয়ে প্রথমবার মিরপুরে আসিফ আকবর, জানালেন প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৫:২৪ পিএম

পরিচালক হয়ে প্রথমবার মিরপুরে আসিফ আকবর, জানালেন প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

কদিন আগে অনুষ্ঠিত হওয়া বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন আসিফ আকবর। তবে এতদিন দেশের বাইরে থাকায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে আসতে পারেননি। 

গতকাল আমেরিকা থেকে দেশে ফিরে আজই চলে এলেন বিসিবি কার্যালয়ে। এতদিন পর মিরপুরে ফিরে পুরনো স্মৃতি মনে পড়ছে আসিফের। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘অনেক দিন পর বিসিবিতে ঢুকলাম। এখানে এসেছিলাম ২০০৩ সালে। তখন আরাফাত রহমান কোকো বিসিবির হাইপারফরম্যান্সের প্রধান ছিলেন। এই মাঠের প্রত্যেকটা ইঞ্চি আমার চেনা।’

জনপ্রিয় এই সংগীতশিল্পী আরও বলেন, ‘বোর্ডের পরিচালক ও কাউন্সিলর নির্বাচিত হওয়ার সময় ছিলাম যুক্তরাষ্ট্রে। গতকাল আমি দেশে এসেছি। আসার পরে দেখলাম এরই মধ্যে দেরি হয়ে গিয়েছে। এজন্য আজ সকালে চলে এসেছি। মাঠের সঙ্গে সম্পর্ক বহু দিনের। সেই ২০০৩-০৪ সাল থেকে। মাঠে গেলাম। ঘুরলাম ও দেখলাম। যেহেতু একটা দায়িত্বে এসেছি, আমার মনে হয় দেরি করা উচিত হবে না। তাই চলে এসেছি।’

২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ই এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় সাফল্য। যদিও চ্যাম্পিয়নরা ক্রিকেটারদের অনেকেই এখনো জাতীয় দলে থিতু হতে পারছেন না। এইজ গ্রুপ নিয়ে মনোযোগী আসিফ।

ইয়াং ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘স্কোরবোর্ড একটা ডকুমেন্টেশন। প্রতিভা তো ডকুমেন্টের বাইরের ব্যাপার। আমরা অবশ্যই প্রতিভার দিকে মনোযোগ দেব। স্কোরবোর্ড বা তাৎক্ষণিকভাবে যেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল চ্যাম্পিয়ন হলো, তারা জাতীয় দলে কেন কিছু করতে পারছে না? গ্যাপটা কোথায়? অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের পরে সিনিয়র দলে নেওয়া হয়েছে। এটার জন্য বড় বড় মানুষ আছেন। আপাতত আমি বাচ্চাদের নিয়ে কাজ করছি। সময় দিন। ভালো কিছু হয়ে যাবে।’

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!