প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০২:৪৩ পিএম
সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি মন্তব্য ঘিরে বিতর্কের মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার বিষয়ে বিসিবির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তামিমের বক্তব্যের সঙ্গে যুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে তিনি কড়া ভাষায় পোস্ট দেন।
নাজমুল ইসলাম লিখেন, “এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।” যদিও পোস্টটি কিছু সময়ের জন্য তার টাইমলাইনে ছিল, তীব্র সমালোচনার মুখে গভীর রাতে তা সরিয়ে দেওয়া হয়।
এর আগে তামিম ইকবাল সংবাদমাধ্যমে বলেছিলেন, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হতাশাজনক, তবে এমন সংবেদনশীল বিষয়ে হঠাৎ মন্তব্য না করে সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন, “আমি বোর্ডে থাকলে দেশের দীর্ঘমেয়াদি স্বার্থ মাথায় রেখেই সিদ্ধান্ত নিতাম। অনেক বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।”
তামিম আরও জোর দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ সর্বোচ্চ গুরুত্ব পায়। সরকার বড় অংশীদার হলেও বিসিবি একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখতে হবে। তিনি বলেন, বর্তমান সিদ্ধান্তের প্রভাব আগামী ১০ বছরেও কী হবে—সেটাও বিবেচনা করা জরুরি, বিশেষ করে যখন বোর্ডের বড় আয়ের উৎস আইসিসি।
তামিমের মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য নতুন বিতর্ক উসকে দেয়। উল্লেখ্য, ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন নাজমুল। সেই নির্বাচন ঘিরেও অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিমসহ একাধিক প্রার্থী তখন মনোনয়ন প্রত্যাহার করেছিলেন।



