রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

তামিমকে উদ্দেশ্যে বিসিবির সেই পরিচালকের নতুন স্ট্যাটাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৫:১২ পিএম

তামিমকে উদ্দেশ্যে বিসিবির সেই পরিচালকের নতুন স্ট্যাটাস

ফাইল ছবি

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রিকেটে তৈরি হওয়া উত্তেজনা আরও ঘনীভূত হয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলাম। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফের একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

এর আগে তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই বোর্ড পরিচালক। সেই মন্তব্য মুছে ফেললেও এবার আবারও তামিমকে উদ্দেশ্য করে নতুন পোস্ট দেন তিনি।

নাজমুল ইসলাম তার ফেসবুক পোস্টে লেখেন, মোস্তাফিজ ইস্যুতে যখন ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, তখন বিষয়টি অনুধাবন করে ক্রীড়া উপদেষ্টা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা করতে বলেছেন। তিনি আরও উল্লেখ করেন, এ সিদ্ধান্তে পররাষ্ট্র উপদেষ্টারও সমর্থন রয়েছে।

স্ট্যাটাসে নাজমুল ইসলাম দাবি করেন, এমন পরিস্থিতিতে দেশের জনগণের আবেগের বিপরীতে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ১৫ হাজার রান করা একজন তারকা ক্রিকেটার ভারতীয়দের পক্ষে কথা বলেছেন। তবে এটিকে নিজের ব্যক্তিগত মতামত উল্লেখ করে তিনি অনুরোধ করেন, যেন বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা না করা হয়।

এর আগের দিন তামিমকে নিয়ে দেওয়া তার ফেসবুক পোস্টটি তিনি পরে মুছে ফেললেও সেটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে তিনি তামিমকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলে আখ্যা দেন, যা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। কেউ কেউ তার বক্তব্যের পক্ষে মত দিলেও বড় একটি অংশ তীব্র প্রতিবাদ জানায়।

বিশ্বকাপ ইস্যুতে এর আগে এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম ইকবাল বলেন, বাংলাদেশের আয়ের বড় অংশ আইসিসির ওপর নির্ভরশীল। তাই এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সব দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তিনি বোর্ডের অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেটি সবার সামনে পরিষ্কারভাবে তুলে ধরার আহ্বান জানান।

তামিমের মতে, হুটহাট সিদ্ধান্ত ও পরিচালকদের প্রকাশ্য মন্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তোলে। বোর্ড ও সরকারের সংশ্লিষ্ট মহলের মধ্যে আলোচনার মাধ্যমেই বিষয়টি নিষ্পত্তি হওয়া উচিত।

উল্লেখ্য, আইপিএলের মিনি নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বিভিন্ন চাপের মুখে তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এরপর থেকেই নিরাপত্তা ইস্যু সামনে এনে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে বিসিবি। এ নিয়ে কয়েক দিন ধরেই দেশের ক্রিকেট অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!