প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১১:০৮ এএম
গতকাল শুক্রবার শেষ হয়েছে বিপিএলের দ্বাদশ আসর। শিরোপাজয়ী রাজশাহী ওয়ারিয়র্সের নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারানোর পর তিনি দেশের বিভিন্ন স্তরের ক্রিকেট—বিশেষ করে ক্লাব ও প্রথম বিভাগ ক্রিকেট নিয়ে চলমান সমালোচনা ও টানাপোড়েন প্রসঙ্গে খোলামেলা কথা বলেন।
শান্ত বলেন, “একজন খেলোয়াড় হিসেবে একটা কথা বলতে চাই—গত এক-দুই বছরে মাঠের বাইরে যে পরিবেশ তৈরি হয়েছে, সেটা ক্রিকেটের জন্য অনেক ক্ষতিকর। যারা দায়িত্বে আছেন, সবাই মিলে একটু সমঝোতার মাধ্যমে ক্রিকেটটা স্বাভাবিকভাবে চালু রাখা খুব জরুরি। খেলা চলছে ঠিকই, কিন্তু আরও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সবাই এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছি। প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নেওয়া দরকার, যেন নিয়মিত খেলা হয় এবং প্রতিদ্বন্দ্বিতা বজায় থাকে।”
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা কম থাকায় বিকল্প টুর্নামেন্ট আয়োজনের কথাও তুলে ধরেন এই জাতীয় দলের ব্যাটার। তিনি বলেন, ঢাকার ক্রিকেট নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। তাঁর অনুরোধ, আগের আসরগুলোর চেয়ে যেন ভবিষ্যতে আরও সুন্দরভাবে আয়োজন করা হয়। বিশ্বকাপে অংশ নেওয়া না গেলে বোর্ডের কাছে তাঁর আবেদন থাকবে—খেলোয়াড়দের জন্য একটি মানসম্মত ও আকর্ষণীয় টুর্নামেন্ট আয়োজন করা হোক, যাতে সবাই নিয়মিত খেলার সুযোগ পায়। পাশাপাশি মাঠের বাইরের সমস্যাগুলো ঠিক করে ক্রিকেটকে সঠিক পথে ফিরিয়ে আনার কথাও বলেন তিনি।
বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সম্প্রতি ক্রিকেটারদের বৈঠক প্রসঙ্গে শান্ত বলেন, এই ধরনের আলোচনা অবশ্যই ইতিবাচক। তাঁর ভাষায়, “কথা হয়েছে, স্বাস্থ্যকর আলোচনা হয়েছে। আমাদের ডাকা হয়েছে—এটা নিয়ে খেলোয়াড়রা খুশি। তবে এটা আরও আগে হওয়া দরকার ছিল কি না, সেটা বলা আমার পক্ষে কঠিন। আমি সেই আলোচনার অংশ ছিলাম না, আমার সঙ্গে সরাসরি যোগাযোগও হয়নি।”



