প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ০৬:২৮ পিএম
রাজধানীর মহাখালী এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে মিছিল বের করার প্রস্তুতির সময় চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় মিছিলকারীদের কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে বনানী থানার আওতাধীন মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটসংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই এলাকায় আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে প্রায় ৩০ থেকে ৪০ জন ব্যক্তি একত্রিত হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে বনানী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সেখানে উপস্থিত ব্যক্তিরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার আসলাম মিয়া (২৫), কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আশিকুল ইসলাম (২৪), ঢাকার দারুস সালাম এলাকার মো. মাহফুজুর রহমান সিয়াম (১৯) এবং মিরপুর চিড়িয়াখানা স্টাফ কোয়ার্টারের মো. মনির হোসেন (৪৮)।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক আসলাম মিয়া ও আশিকুল ইসলাম সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী। তারা ওই কলেজের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলেও জানানো হয়েছে।
পুলিশের দাবি, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মিছিলকারীদের কয়েকজন নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটান। পরে তারা সেখান থেকে দ্রুত সরে যান। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, মহাখালীতে মিছিলের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে আটক করা সম্ভব হয়েছে। ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের আলামতও সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনায় সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও আটকের বিষয়েও পুলিশ কাজ করছে।



