প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০১:২৫ পিএম
রাজধানীর দৈনিক মাতৃভূমির খবরের সম্মানিত সম্পাদক ও প্রকাশক জনাব মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ স্যারের বড় বোন মিনারা আলম আর নেই। আজ সকাল ৬ ঘটিকায় রাজধানীর মিরপুরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আজ ভোরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সকাল ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মিনারা আলমের এই আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে মিরপুর ও সংশ্লিষ্ট এলাকায় এবং দৈনিক মাতৃভূমির খবর পরিবারে গভীর শোক ও দুঃখের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মরহুমার আত্মার শান্তি কামনায় এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে মিরপুরের বাসভবনে অনেকেই ছুটে যান।
দৈনিক মাতৃভূমির খবরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় জানানো হয়, "আমাদের সম্মানিত সম্পাদক ও প্রকাশক জনাব মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ স্যারের শ্রদ্ধেয় বড় বোনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মহান আল্লাহর দরবারে মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করছি। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, যেন আল্লাহ তায়ালা তাঁদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন।"
মরহুমার পারিবারিক সূত্র থেকে জানা যায়, আজ বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানেই তাঁকে দাফন করার কথা রয়েছে।



