রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইংলিশ মিডিয়াম শিক্ষা খাতের অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বেমসাফের গুরুত্বপূর্ণ সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ১১:১২ এএম

ইংলিশ মিডিয়াম শিক্ষা খাতের অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বেমসাফের গুরুত্বপূর্ণ সভা

ছবি: নিজস্ব

বাংলাদেশে ইংলিশ মিডিয়াম শিক্ষা খাতের অর্জন, জাতীয় উন্নয়নে এ খাতের বহুমাত্রিক অবদান, বর্তমান নীতিগত পরিবর্তন, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশন ফাউন্ডেশন (BEMSAF)-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) রাত ৮টায় রাজধানীর ধানমন্ডির ফোর সিজনস রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশন ফাউন্ডেশন (BEMSAF)-এর প্রেসিডেন্ট মোঃ মোর্শেদুল ইসলাম। সভা শেষে অংশগ্রহণকারী সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

সভায় দেশের বিভিন্ন স্বনামধন্য ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, পরিচালক ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁরা ইংলিশ মিডিয়াম শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন, সরকারের সঙ্গে কার্যকর সমন্বয় এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় বক্তারা বলেন, ইংলিশ মিডিয়াম শিক্ষা খাতকে ঘিরে সাম্প্রতিক সময়ে সরকারের নীতিগত উদ্যোগ এবং একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের বিষয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে বেমসাফ সরকার, বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে নিয়মিত সংলাপ অব্যাহত রেখেছে, যাতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ করে একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করা যায়।

বক্তারা আরও বলেন, ইতোমধ্যে বেমসাফের একটি প্রতিনিধিদল সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে একাধিক বৈঠক করেছে। এসব বৈঠকে ইংলিশ মিডিয়াম ও আন্তর্জাতিক কারিকুলামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় আন্তর্জাতিক কারিকুলামে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও সমন্বিত ভর্তি-ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। ভর্তি পরীক্ষার কাঠামো ও প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে জাতীয় কারিকুলামের পাশাপাশি আন্তর্জাতিক কারিকুলামের বিষয়বস্তু, মূল্যায়ন-পদ্ধতি ও শিক্ষাগত মান কীভাবে যথাযথভাবে সমন্বিত করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক মতবিনিময় হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীকে নিয়ে একটি উচ্চপর্যায়ের সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারে বাংলাদেশের ইংলিশ মিডিয়াম শিক্ষা খাতের অর্জন, অর্থনৈতিক ও সামাজিক অবদান, কর্মসংস্থান সৃষ্টি, উচ্চশিক্ষায় সাফল্য, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কিত তথ্য-উপাত্ত উপস্থাপন করা হবে। এ লক্ষ্যে একটি আট সদস্যের এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। পাশাপাশি Excel Academy-এর মিসেস সেবা হক এবং Academia-এর মিসেস সারওয়াত জেব-কে তথ্য ও উপাত্ত সংগ্রহের দায়িত্ব প্রদান করা হয়।

সভায় এ প্রক্রিয়ায় বিশেষ অবদান রাখার জন্য Wisdom International School & College-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মজিদুল হক-কে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশন ফাউন্ডেশন (BEMSAF)-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সভাপতির বক্তব্যে বেমসাফের প্রেসিডেন্ট মি. মোর্শেদুল ইসলাম বলেন, “ইংলিশ মিডিয়াম শিক্ষা খাত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। প্রতিযোগিতা নয়, আমরা জাতীয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য কোনো বিশেষ সুবিধা অর্জন করা নয়; বরং আন্তর্জাতিক কারিকুলামে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং যুগোপযোগী নীতিগত পরিবেশ নিশ্চিত করা।”

তিনি বলেন, “সরকার, বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম শিক্ষা খাত একসঙ্গে কাজ করলে বাংলাদেশ আন্তর্জাতিক মানের শিক্ষার একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।”

বেমসাফের ভাইস প্রেসিডেন্ট এবং Averroes International School Mirpur-এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ বলেন, “বাংলাদেশের ইংলিশ মিডিয়াম শিক্ষা খাতকে জাতীয় শিক্ষা উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে। তথ্যভিত্তিক নীতিনির্ধারণ, সমন্বিত ভর্তি-ব্যবস্থা এবং সরকারের সঙ্গে নিয়মিত সংলাপের মাধ্যমে আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে আন্তর্জাতিক কারিকুলামের শিক্ষার্থীরা সমান সুযোগ পাবে এবং দেশের উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।”

Academia-এর ব্যবস্থাপনা পরিচালক মি. কুতুবউদ্দিন বলেন, “বাংলাদেশের ইংলিশ মিডিয়াম শিক্ষা খাত আজ একটি পরিণত ও দায়িত্বশীল শিক্ষা ইন্ডাস্ট্রিতে রূপ নিয়েছে। এ খাত শুধু আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করছে না, বরং দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এখন সময় এসেছে এই খাতকে একটি দীর্ঘমেয়াদি জাতীয় শিক্ষা অংশীদার হিসেবে মূল্যায়ন করার।”

বেমসাফের সাধারণ সম্পাদক সৈয়দ পারভেজ আহসান বলেন, “বাংলাদেশের ইংলিশ মিডিয়াম শিক্ষা খাতের স্বার্থে ঐক্য, তথ্যভিত্তিক নীতিনির্ধারণ এবং সরকারের সঙ্গে ধারাবাহিক গঠনমূলক সংলাপই আমাদের অগ্রাধিকার। আমরা বিশ্বাস করি, সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ খাত দেশের শিক্ষা ব্যবস্থায় আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে।”

তিনি আশা প্রকাশ করেন, বেমসাফের উদ্যোগে সরকার, বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম শিক্ষা খাতের প্রতিনিধিদের মধ্যে চলমান সংলাপ দেশের আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী, সমন্বিত ও ভবিষ্যতমুখী করে তুলবে।

বক্তারা বলেন, গত কয়েক দশকে বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুল ইন্ডাস্ট্রি দেশের শিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মানের শিক্ষা বিস্তার, দক্ষ মানবসম্পদ তৈরি, ইংরেজি ভাষায় পারদর্শিতা বৃদ্ধি, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা, সমালোচনামূলক চিন্তাশক্তি, নেতৃত্বগুণ এবং বৈশ্বিক নাগরিক তৈরিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের হাজারো শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ অর্জন করছে এবং দেশে-বিদেশে শিক্ষা, গবেষণা, চিকিৎসা, প্রকৌশল, ব্যবসা, প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে অবদান রেখে চলেছে।

বক্তারা আরও বলেন, ইংলিশ মিডিয়াম শিক্ষা খাত বর্তমানে শুধু আন্তর্জাতিক কারিকুলামভিত্তিক শিক্ষা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং দেশের শিক্ষা খাতে উল্লেখযোগ্য বেসরকারি বিনিয়োগ, আধুনিক শিক্ষাপদ্ধতির বিকাশ, আন্তর্জাতিক শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং বিপুলসংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের ক্রমবর্ধমান মধ্যবিত্ত জনগোষ্ঠী, বৈশ্বিক কর্মবাজারের চাহিদা এবং আন্তর্জাতিক মানের শিক্ষার প্রতি অভিভাবকদের আগ্রহ এ খাতের ভবিষ্যৎ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তুলেছে।

সভায় বর্তমান সময়ে ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে বিদ্যমান বিভিন্ন নীতিগত ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, যথাযথ নীতিগত সহায়তা, স্বচ্ছ নিয়ন্ত্রক কাঠামো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত সংলাপ নিশ্চিত করা গেলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে।

সভায় অংশগ্রহণ করেন European Standard School-এর মি. মোর্শেদুল ইসলাম ও সৈয়দ পারভেজ আহসান, Averroes International School Mirpur-এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ, Wisdom International School & College-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মি. মজিদুল হক, Siddiquis International School-এর মিসেস রিফাত সামিনা আহমেদ ও মি. শাবাব আহমেদ, Juvenile International School-এর মি. মঈনউদ্দিন, Manarat International School-এর ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল আলম, South Point International School-এর কর্নেল মোর্শেদুল আলম ও মিসেস শিপ্রা দাস, Excel Academy-এর মিসেস সেবা হক এবং Academia-এর ব্যবস্থাপনা পরিচালক মি. কুতুবউদ্দিন ও অধ্যক্ষ মিসেস সারওয়াত জেব।

সভায় আগামী ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭:৩০টায় পরবর্তী ফলো-আপ সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সকল সদস্যকে উপস্থিত থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে প্রস্তাবিত সেমিনারের প্রস্তুতি, তথ্য সংগ্রহ, সুপারিশমালা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করার আহ্বান জানানো হয়।

বেমসাফের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকার, বিশ্ববিদ্যালয়, নীতিনির্ধারক এবং ইংলিশ মিডিয়াম শিক্ষা খাতের প্রতিনিধিদের মধ্যে গঠনমূলক সহযোগিতা ও নিয়মিত সংলাপের মাধ্যমে এমন একটি অন্তর্ভুক্তিমূলক নীতিগত পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে, যা দেশের আন্তর্জাতিক মানের শিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!