রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কোনো এক উপরওয়ালার নির্দেশে মামলা নেওয়া হচ্ছে না: মোসাদ্দিক

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৮:৫৩ পিএম

কোনো এক উপরওয়ালার নির্দেশে মামলা নেওয়া হচ্ছে না: মোসাদ্দিক

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ করেছেন, শাহবাগ থানার ভেতরে তাদের ওপর হামলা হলেও পুলিশ মামলা গ্রহণ করছে না।

মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘটনার সব প্রমাণ, এমনকি সিসিটিভি ফুটেজও পুলিশের কাছে রয়েছে, তবুও “উপরওয়ালার নির্দেশে” মামলা নেওয়া হচ্ছে না বলে তারা মনে করছেন।

তিনি আরও অভিযোগ করেন, পুলিশকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে পূর্ববর্তী প্রশাসন ও কয়েকজন সাবেক কর্মকর্তার প্রসঙ্গ টেনে কঠোর ভাষায় সমালোচনাও করেন তিনি।

ডাকসুর এই নেতা দাবি করেন, শাহবাগ থানায় ঘটনার সময় প্রায় এক ঘণ্টা কোনো পুলিশ উপস্থিত ছিল না এবং বিষয়টি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যায়নি।

সংবাদ সম্মেলনে ডাকসুর আরেক সদস্য বেলাল হোসাইন অপু বলেন, একজন শিক্ষার্থীকে কেন্দ্র করে শুরু হওয়া ঘটনায় সহযোগিতা করতে গেলে ডাকসু প্রতিনিধিরা হামলার শিকার হন। কিন্তু স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এখনো মামলা গ্রহণ না করায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

ভুক্তভোগী আরেক সদস্য সাইয়েদুজ্জামান আলভী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নিরাপত্তা শিথিল করে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

ডাকসু নেতারা দ্রুত মামলা গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!