প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:৩৯ পিএম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি সাত দিন নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি কার্যকর থাকবে।
মন্ত্রিপরিষদের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছুটির সময় সমন্বয়ের জন্য ২৩ মে (শনিবার) নির্ধারিত সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ওইদিন সরকারি দপ্তর খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রম চলবে।
সরকারি ছুটির এ ঘোষণার পর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্কুল, কলেজ ও মাদরাসার ছুটির তালিকায় কোনো পরিবর্তন আনা হয়নি।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি থাকবে। ছুটি শুরু হবে ২৪ মে এবং শেষ হবে ৪ জুন।
কলেজ পর্যায়েও একইভাবে ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৬ দিনের অবকাশ থাকবে।
অন্যদিকে মাদরাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি মিলিয়ে টানা ২১ দিনের দীর্ঘ ছুটি থাকবে, যা শেষ হবে ১১ জুন।



