রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

খালেদা জিয়ার অবদান এবার পাঠ্যবইয়ে

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ১১, ২০২৬, ১১:২৬ পিএম

খালেদা জিয়ার অবদান এবার পাঠ্যবইয়ে

ফাইল ছবি

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ইতিহাস ও দক্ষতাভিত্তিক বিষয়ে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। মাধ্যমিক স্তরের বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ে নতুন কিছু বিষয় যুক্ত করার পাশাপাশি বেশ কয়েকটি বইয়ে ব্যাপক পরিমার্জন করা হচ্ছে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, মহান মুক্তিযুদ্ধের সেক্টরগুলোর বিস্তারিত বর্ণনা, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনা এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা নতুন করে ইতিহাসের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হবে।

এছাড়া আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়াতে নতুন বিষয় সংযোজন এবং পুরোনো বইয়ে পরিবর্তন আনা হচ্ছে। ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ এবং চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক নতুন বই যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষাবিষয়ক বইয়ে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বড় ধরনের পরিমার্জন করা হবে।

এনসিটিবি জানিয়েছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বইয়ে বিষয়গুলো সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হলেও নবম শ্রেণির বইয়ে তুলনামূলক বিস্তারিত আলোচনা থাকবে। যাচাই-বাছাই শেষে পরিবর্তনগুলো চূড়ান্ত করা হবে।

এনসিটিবির চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারী বলেন, নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিবেচনায় নিয়ে বই পরিমার্জনের কাজ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় প্রায় ৩২০ জন শিক্ষক ও বিশেষজ্ঞ এ কাজে অংশ নিচ্ছেন।

এর আগে ২০২৫ সালের পাঠ্যবইয়ে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে কবিতা, প্রবন্ধ ও গদ্য সংযোজন করা হয়। পরে ইতিহাসের অংশ হিসেবে ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে জুলাই গণঅভ্যুত্থান ও নব্বইয়ের গণঅভ্যুত্থানের বিষয় যুক্ত করা হয়।

সরকার প্রতি বছর প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে। আগামী বছরের জন্য প্রায় ৩০ কোটি বই ছাপানোর পরিকল্পনা রয়েছে। এনসিটিবি জানিয়েছে, চলতি বছরের ১৫ নভেম্বরের মধ্যে সব বই ছাপিয়ে মাঠপর্যায়ে পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!