প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৭:৪৬ পিএম
রাজশাহীর চারঘাটে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়ে ছবি প্রকাশের ঘটনায় এক কলেজ শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার কলেজ পরিচালনা পর্ষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বরখাস্ত হওয়া শিক্ষিকা সোহেলী আক্তার চারঘাট উপজেলার নন্দনগাছী কলেজে গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে প্রভাষক হিসেবে কর্মরত। গত শনিবার শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক পাতায় একটি ছবি প্রকাশ করেন তিনি। ওই ছবিতে শেখ মুজিবুর রহমানের ছবি এবং শোক প্রকাশের বক্তব্য ছিল। ছবির সঙ্গে দেওয়া লেখায় শিক্ষিকা তাঁর প্রতি শ্রদ্ধা জানান।
এর পরদিন কলেজে গিয়ে অধ্যক্ষের কাছ থেকে মৌখিকভাবে ছুটি নেন সোহেলী আক্তার। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে সোমবার কলেজ পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়। সভায় তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
কলেজ কর্তৃপক্ষের দাবি, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পোস্ট দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীর আচরণবিধি ও প্রতিষ্ঠানের শৃঙ্খলার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম।
তবে সাময়িক বরখাস্তের আগে শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি বলে জানা গেছে। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল ইসলামও বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, জরুরি সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার কথাও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বিষয়ে শিক্ষিকা সোহেলী আক্তার বলেন, তাঁকে বরখাস্ত করা হয়েছে—এমন তথ্য তিনি জানেন না। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সেটিও তাঁর কাছে পরিষ্কার নয় বলে জানান তিনি।
ঘটনাটি ঘিরে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।



