রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সমালোচনার মুখে জাবির হলে রাত ১১টায় তালা প্রত্যাহার

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০৩:০০ পিএম

সমালোচনার মুখে জাবির হলে রাত ১১টায় তালা প্রত্যাহার

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলে রাত ১১টার পর মূল ফটকে তালা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া অসন্তোষের পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে হল প্রশাসন। শুক্রবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হল সংসদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে আগের সিদ্ধান্ত বাতিল করা হয়।

এর আগে ১৯ আগস্ট হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমানের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তিতে রাত ১১টার পর হলের প্রধান ফটক বন্ধ রাখার কথা জানানো হয়। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া ছাত্রীদের হলের বাইরে না যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তিটি প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিভিন্ন মহল থেকে সিদ্ধান্তটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ওঠে।

পরবর্তীতে শিক্ষার্থীদের আপত্তি ও সমালোচনার বিষয়টি বিবেচনায় নিয়ে জরুরি সভা ডাকে হল সংসদ। সভায় আলোচনার পর আগের সিদ্ধান্তটি প্রত্যাহারের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আপাতত রাত ১১টার পর হলের প্রধান ফটক বন্ধ রাখার বিধিনিষেধ কার্যকর থাকছে না।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলেও রাত ১০টার পর ছাত্রীদের হল থেকে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. নাসরিন সুলতানা। তিনি জানিয়েছেন, এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই। প্রয়োজন হলে শিক্ষার্থীরা নিবন্ধন খাতায় নাম লিখে হলের বাইরে যেতে পারেন।

জাহানারা ইমাম হল প্রশাসনের আগের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল বিভিন্ন ছাত্র ও নারী অধিকারভিত্তিক সংগঠন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। শিক্ষার্থীদের মতামত ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে হল প্রশাসনের সিদ্ধান্ত পরিবর্তনের ঘটনাটি এখন বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনায় রয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!