প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৬:৫৩ পিএম
বাংলা নববর্ষকে ঘিরে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে সারা দেশ। পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন জেলায় আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, গান ও নৃত্যের আসর।
এই ধারাবাহিকতায় পাবনায়ও থাকছে বর্ণিল আয়োজন। শহরের এডওয়ার্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকে শুরু হবে বৈশাখী গানের বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে গান পরিবেশন করবেন নগরবাউল খ্যাত জেমস। তাঁর সঙ্গে অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও ঐশী। এছাড়া ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা তিন শিল্পীও পরিবেশন করবেন সংগীত।
গানের পাশাপাশি থাকছে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন। এতে অংশ নেবেন মন্দিরা চক্রবর্তী এবং সোহাগ নৃত্যদল। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আলিফ এবং প্রযোজনায় থাকছেন অজয় পোদ্দার।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকায় দেশের বিভিন্ন প্রান্তের দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন এই বৈশাখী আয়োজন।



