প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৯:০১ পিএম
পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন করা হচ্ছে বিশেষ সংগীত অনুষ্ঠান ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’।
আগামী ২৬ জুলাই লিসবনের জনপ্রিয় ভেন্যু লিসবোয়া উয়ু ভিভোতে বিকেল ৫টা থেকে শুরু হবে এই জমকালো আয়োজন। কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবেন বাংলাদেশের কিংবদন্তি রক তারকা নগর বাউল জেমস।
আয়োজক সূত্র জানায়, জেমস তাঁর জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করে প্রবাসী দর্শকদের জন্য এক স্মরণীয় সংগীত সন্ধ্যা উপহার দেবেন বলে আশা করা হচ্ছে।
এই কনসার্ট আয়োজন করছে কাসা দো বাংলাদেশ এবং নোটিসিয়া বাংলা। আয়োজকদের দাবি, এটি পর্তুগালে এখন পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন হতে যাচ্ছে।
এর আগে রবিবার (২৬ এপ্রিল) লিসবনের লিটনস তুর্কিশ গ্রিল-এ কনসার্টকে ঘিরে সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়। সেখানে প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, জেমসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর অংশগ্রহণ প্রবাসে বাংলাদেশিদের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে। একই সঙ্গে বিদেশের মাটিতে তৈরি হবে দেশীয় সংগীত ও সংস্কৃতির এক টুকরো আবহ।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যেই কনসার্টটি ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।



