প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৯:৩৬ পিএম
বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে। তাদের আসন্ন সিনেমা ‘কিং’-এর একটি গানের দৃশ্যের শুটিংয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
সম্প্রতি সমুদ্রসৈকতে রোমান্টিক আবহে গান ও নাচের দৃশ্য ধারণ করতে দেখা যায় এই দুই তারকাকে। সূর্যাস্তের মনোমুগ্ধকর পরিবেশে হালকা রঙের পোশাকে শাহরুখ ও দীপিকার উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, নিখুঁত দৃশ্য ধারণের জন্য একাধিকবার একই নাচের ধাপ অনুশীলন করছেন তারা।
শুটিংয়ের জন্য সৈকতের একটি অংশ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হলেও দূর থেকে ভিড় জমায় উৎসুক দর্শকরা। সেখান থেকেই মোবাইলে ধারণ করা কিছু ভিডিও ছড়িয়ে পড়ে অন্তর্জালে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, গত সপ্তাহেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছে সিনেমাটির কাজ শুরু করেছেন শাহরুখ ও দীপিকা। নির্মাতারা প্রথমেই একটি রোমান্টিক গানের দৃশ্য ধারণ করছেন। ফাঁস হওয়া ভিডিওতে একটি গানের সুরও শোনা গেছে, যা নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা জল্পনা।
এদিকে শুটিং সেটের ভিডিও ও ছবি ফাঁস হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। তিনি দর্শকদের অনুরোধ জানিয়েছেন, সিনেমার চমক আগেভাগে নষ্ট না করতে এসব দৃশ্য আর ছড়িয়ে না দিতে।
উল্লেখ্য, শাহরুখ-দীপিকার জুটি এর আগেও একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমাটির।



