রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

শহিদুল ইসলাম খোকন

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৬:৩২ পিএম

মোহাম্মদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে শুরু হয়েছে হাম-রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি। শিশুদের মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে নেওয়া এই উদ্যোগ ধীরে ধীরে একটি সামাজিক আন্দোলনে রূপ নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, শতভাগ শিশুকে টিকার আওতায় আনতে হবে এবং কোনো শিশুই যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ, যা নিউমোনিয়া, ডায়রিয়া এমনকি মৃত্যুর কারণও হতে পারে। নির্ধারিত সময় অনুযায়ী দুই ডোজ টিকা গ্রহণ করলে একটি শিশু প্রায় সম্পূর্ণ সুরক্ষা পায়।

সরকারি এই উদ্যোগ বাস্তবায়নে আন্তর্জাতিক সংস্থাগুলো সহযোগিতা করছে। ইতোমধ্যে দেশের ৯০ শতাংশের বেশি শিশু টিকার আওতায় এলেও কিছু এলাকায় এখনো ঘাটতি রয়েছে। সচেতনতার অভাব, গুজব ও ভুল ধারণাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মোহাম্মদপুরের একটি বিশেষায়িত স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক ডা. নাছির উদ্দীন বলেন, এই কর্মসূচি সফল করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি অভিভাবকদের সন্তানদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান।

সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান বলেন, টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। তাই গুজবে কান না দিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র পরামর্শক ডা. সাদেকা বেগম, ডা. রহিমা খাতুন, ডা. জোবায়রা হাছিনসহ অন্যান্যরা।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একটি ছোট্ট টিকার মাধ্যমেই একটি শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। সরকারের লক্ষ্য—২০২৬ সালের মধ্যে দেশ থেকে হাম ও রুবেলা সম্পূর্ণ নির্মূল করা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!