রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৪:৪১ পিএম

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এই রায় ঘোষণা করেন। এদিন আসিফ আকবর নিজে আদালতে উপস্থিত ছিলেন। মামলায় যুক্তিতর্ক চলাকালে আসামিপক্ষের আইনজীবী তাকে নির্দোষ দাবি করে খালাসের আবেদন করেন, আর রাষ্ট্রপক্ষের পক্ষে ওয়ালিউল ইসলাম তুষার সর্বোচ্চ সাজা দাবি করেন। আদালত যুক্তিতর্ক শুনার পর রায় ঘোষণা করেন এবং উল্লেখ করা হয় যে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ৫ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়। তখন তার অফিস কক্ষে চার বোতল অবৈধ বিদেশি মদ পাওয়া যায়, যা পরীক্ষা নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়। ২০১৮ সালের ২৩ জুলাই লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার।

পরবর্তীতে ২০১৯ সালের ১৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এসআই জামাল হোসেন অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্র দাখিলের পাঁচ বছর পর ২০২৪ সালের ২৫ নভেম্বর আসিফের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!