প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৫:২১ পিএম
রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. ছিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আসামিকে আদালতে হাজির করার পর তদন্তকারী কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার অন্য আসামিদের শনাক্ত করা, ঘটনার মূল রহস্য উদঘাটন এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য রিমান্ড প্রয়োজন।
এতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তের নির্দেশে বিপুলসংখ্যক সশস্ত্র ব্যক্তি আন্দোলন দমনে গুলি চালায়, এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে অভিযুক্তের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়।
রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করলেও আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে। উভয় পক্ষের বক্তব্য শেষে আদালত জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার গভীর রাতে রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে আহত হন দেলোয়ার হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।



