প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৯:১৮ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান, সহিদুল ইসলাম সরদারসহ অন্যান্যরা।
প্রসিকিউশন গত ১৮ ফেব্রুয়ারি হাদির জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন করে। মামলার শেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর তার জবানবন্দি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদ তার সাক্ষ্য শেষ করেন। এর আগে ১৯ এপ্রিল তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। এ মামলায় মোট ২৬ জন সাক্ষী তাদের বক্তব্য উপস্থাপন করেছেন।
প্রসিকিউটরের তথ্য অনুযায়ী, তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেওয়ার পরই দুর্বৃত্তের গুলিতে নিহত হন শহীদ ওসমান হাদি। আইনি বিধান অনুযায়ী তার পূর্বে দেওয়া জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে আদালতে উপস্থাপন করা হয় এবং ট্রাইব্যুনাল তা গ্রহণ করে। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় তাকে গুলি করা হয়। পরে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।
চলতি বছরের ২২ জানুয়ারি ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল-২। অন্য আসামিদের মধ্যে রয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান।



