রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জুলাইয়ের চেতনায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান রিজভীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ০৬:৪৬ পিএম

জুলাইয়ের চেতনায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান রিজভীর

ছবি: সংগৃহীত

জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশে বহুদলীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ ও অসন্তোষের চূড়ান্ত প্রকাশ ঘটেছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে ভবিষ্যতে কোনো স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

রোববার সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ সভায় তিনি গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

রিজভী বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে এখনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সংশ্লিষ্ট অনেক ব্যক্তি সক্রিয় রয়েছে। তারা বিপুল অর্থ ব্যয় করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এ ধরনের প্রচেষ্টার মাধ্যমে অতীতে পরাজিত কোনো স্বৈরাচারী ব্যবস্থাকে ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনা কেবল একটি নির্দিষ্ট সময়ের স্মৃতি নয়; বরং এটি মানুষের অধিকার, স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশার প্রতীক। তাই ভবিষ্যৎ বাংলাদেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি কার্যকর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা জরুরি।

সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও অধ্যাপক লুৎফর রহমানসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা আরও সুসংহত করার প্রয়োজনীয়তার কথা বলেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!