প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৩:০২ পিএম
জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে কারাবন্দি হয়ে নির্যাতন সহ্য করা দেশে ফেরা ২০৮ জন প্রবাসী জুলাইযোদ্ধাকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত। প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না—এ মর্মে রুল জারি করা হয়েছে।
সোমবার (৪ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। পরে তিনি জানান, জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত ৫৭ জন শ্রমিকসহ মোট ২০৮ জনকে সরকার ইতোমধ্যে জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
রিটে উল্লেখ করা হয়েছে, আন্দোলনে অংশগ্রহণের কারণে প্রবাসে কারাভোগ ও নির্যাতনের শিকার হওয়া এসব ব্যক্তির যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করা জরুরি। আদালতের এই রুলকে ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



