রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হাসিনার

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৬:২৪ পিএম

আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হাসিনার

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি আত্মসমর্পণের সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে।

রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর এসব কথা জানান। তিনি বলেন, বর্তমানে শেখ হাসিনা ভারতের অবস্থান করছেন। এ অবস্থায় তিনি নিজ উদ্যোগে দেশে ফিরে আসার সুযোগ পাবেন কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট প্রক্রিয়ার ওপর।

আমিনুল ইসলাম জানান, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বলেন, যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে তিনি থাকেন, তাহলে তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে হস্তান্তর করা হতে পারে অথবা অন্য কোনো আইনি প্রক্রিয়ায় ফেরত আনা হতে পারে।

তিনি আরও বলেন, দেশে ফিরে এলেই সরাসরি আত্মসমর্পণের মাধ্যমে বিষয়টির সমাধান হবে না। তাকে প্রথমে গ্রেপ্তার করে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

চিফ প্রসিকিউটর জানান, জুলাইয়ের গণআন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার অংশ। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও একই সাজা ঘোষণা করা হয়েছে।

শেখ হাসিনা দেশে ফিরলে জামিনের সুযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন পাওয়ার নজির বর্তমানে নেই। দেশে ফিরলে তাকে প্রথমে কারাগারে যেতে হবে এবং এরপর আইনের নির্ধারিত ধাপ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত হবে।

তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন উল্লেখ করে বলেন, রায় ঘোষণার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই আপিলের সুযোগ থাকে। আপিলের সুযোগ থাকলে তা আইন অনুযায়ী নিষ্পত্তি হবে, আর সুযোগ না থাকলে আগের রায় বহাল থাকবে।

এদিকে ট্রাইব্যুনালে চলমান অন্যান্য মামলার বিষয়েও তথ্য দেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষ হয়েছে। নির্ধারিত সময়ে এ মামলার আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

এ ছাড়া জুলাইয়ের গণআন্দোলনকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের আরও কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!